ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদের ওপর ৩১৫ মিটার সেতু, সুফল পাবে ৪ ইউনিয়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত হচ্ছে ৩১৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু।

প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি চালু হলে উপজেলার চারটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি না থাকায় এলাকার মানুষকে প্রায় ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। সেতুটি চালু হলে এই দূরত্ব কমে প্রায় ১ কিলোমিটারে নেমে আসবে। এতে প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে কৃষিখাতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি তাদের বহুদিনের প্রত্যাশিত একটি অবকাঠামো। সেতুটি চালু হলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা সেবায়ও সুবিধা বাড়বে।

ভাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মালিক নাজমুল হাসান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সেতুটির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম ও প্রকল্প পরিচালকের দিকনির্দেশনায় কাজের মান নিশ্চিত করা হচ্ছে।

প্রকল্পের কনসালটেন্ট মেহেদী হাসান বাপ্পি বলেন, ৩১৫ মিটার দীর্ঘ এই সেতুটি এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।

এমআর//