নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ এক নারী আটক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৩ পিএম, ৪ মে ২০২৬ সোমবার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার।
আটক রুচিয়া বেগম ওই গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রুচিয়া বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুচিয়া বেগম জানান, একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) তার সহযোগী হিসেবে কাজ করতেন। তবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপ-পরিচালক গোলক মজুমদার জানান, আটক নারী ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমআর//
