ট্রাকচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর, ২ ডাম্প ট্রাকে আগুন দিল জনতা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ১২:০১ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার
রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরাম (৬০) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দেয়।
মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দরজি ব্যবসায়ী ছিলেন। পুঠিয়ার বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তাঁর একটি টেইলারের দোকান রয়েছে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। এর মধ্যে একটি ট্রাক তাকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ক্ষোভে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঠিয়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতা পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, উত্তেজিত জনতার কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এএইচ
