ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ চলাকালে ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে “পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে”।

ট্রাম্প আরও বলেন, শান্তি আলোচনায় ইরান এখন “অনেক বেশি নমনীয়” হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ইরানের চেয়ে উন্নত বলেও মন্তব্য করেন তিনি।

এই মন্তব্যের আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে তার এক পোস্টে লিখেছিলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের সাতটি ‘ছোট নৌযান’-এ হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র আরও জানায়, তারা ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সোমবারই ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডমের’ ঘোষণা দেন। তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে, যাদের বাণিজ্যিক জাহাজগুলো প্রণালিতে “আটকে পড়েছিল” এবং সেগুলো মুক্ত করতে সহায়তার প্রয়োজন হয়েছিল।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে।

সোমবার ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পর ফারসি ভাষায় এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “যুদ্ধবিরতি লঙ্ঘন” এবং প্রণালিতে “অবরোধ আরোপের” অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধের মাধ্যমে নৌপরিবহন নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহকে বিপন্ন করেছে। তবে, তাদের এই অশুভ কর্মকাণ্ড ব্যর্থ হবে”।

“আমরা ভালো করেই জানি যে স্থিতাবস্থার ধারাবাহিকতা আমেরিকার জন্য অসহনীয়, আর আমরা তো সবে শুরু করেছি” লিখেছেন তিনি।

এএইচ