ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

৮ দিনেও খোঁজ মেলেনি এসআই রাকিবুলের, অপেক্ষায় বৃদ্ধবাবা-স্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার | আপডেট: ০৪:২৬ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার

নিখোঁজের ৮ দিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি নিখোঁজ পুলিশ সদস্য এসআই  মো. রাকিবুল হাসানের। শঙ্কিত অবস্থায় স্বজনরা। ছেলে ফেরার অপেক্ষায় বৃদ্ধ বাবা, স্বামীর অপেক্ষায় তার স্ত্রী।

নিখোঁজ পুলিশ সদস্য মো. রাকিবুল হাসান সরকার শুভ গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বাপ্তা গ্রামের বৈরাগবাড়ি এলাকার মো. মাইজুদ্দিন সরকারের ছেলে। তিনি ঢাকার কলাবাগান থানার পুলিশের উপপরিদর্শক এসআই পদে কর্মরত।

ঘটনার পর থেকে বসতবাড়ির বারান্দায় এককোণে মনভার করে বসে আছেন নিখোঁজ পুলিশ সদস্যের বাবা। বুক ভরা আর্তনাদ। দ্রুত ছেলের সন্ধান চান বৃদ্ধ পিতা মাইজুদ্দিন সরকার।

নিখোঁজ পুলিশের সদস্যের স্ত্রী সামিয়া পর পুরুষের সামনে আসেন না। রুমের পাশের দাঁড়িয়ে কথা বলেন।  দোয়া চেয়েছেন স্বামী যেন সুস্থভাবে ফিরে আসে।

পিতা মাইজুদ্দিন সরকার জানান, ২৭ এপ্রিল রাতে ঢাকার কলাবাগান থানা থেকে ফোন করে জানতে চায় তার ছেলে বাড়িতে আসছে কিনা। তাত্ক্ষণিক পুত্রবধূ সামিয়াকে ডেকে এনে ফোন তার হাতে দেই। কলাবাগান থানা থেকে জানানো হয় ডিউটির রাতে সে অনুপস্থিত।  

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ছেলের বিয়ে সম্পন্ন করেন। ২০২৩ সালে পুলিশে চাকরিতে যোগ দেয়। শুরুতে কক্সবাজারে ছিল, একমাস হলো বদলি হয়ে কলাবাগান থানায় যোগদান করে। দ্রুত ছেলেকে ফিরে পেতে চান তিনি।

এএইচ