ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২২ ১৪৩৩

প্রবাসে শক্তি বাড়াতে `গ্লোবাল ডায়াস্পোরা সেল` গঠন করল এনসিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩ এএম, ৬ মে ২০২৬ বুধবার

প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি।

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এ সেল গঠনের তথ্য জানানো হয়।

এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের প্রধান করা হয়েছে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদকে। সেলের সদস্য হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন সিএফ, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ-দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলটির প্রবাসী সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর কার্যক্রম তদারকি করবে নবগঠিত ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’। ইতোমধ্যে ২৬টি দেশে কমিটি গঠন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। বিগত জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালানো এবং দলের জন্য আর্থিক অনুদান সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংগঠনটি।

নবগঠিত সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের সহ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক পদ ছেড়ে দিয়ে দলের অভ্যন্তরে ত্যাগের রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এরই প্রেক্ষিতে তাকে প্রবাসীদের মধ্যে এনসিপির কার্যক্রম সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এমআর//