ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০ এএম, ৬ মে ২০২৬ বুধবার

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কার্যক্রমটি শুরুর মাত্র একদিন পরই এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে। চুক্তি চূড়ান্ত করা ও স্বাক্ষর করা সম্ভব কিনা, তা দেখার জন্য প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে সোমবার থেকে হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ ছাড়তে সহায়তা করতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। 

অপরদিকে, ইরানের সামরিক সক্ষমতাকে তুচ্ছজ্ঞান করে দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো, কিন্তু আত্মসম্মানে লাগার কারণে তারা তা করছে না। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

এএইচ