পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি হবে না: প্রতিমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি ঘটবে না, ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার সকালে গাবতলি হাট পরিদর্শনে এসে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশুর আনা-নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, পশু আনার সময় সড়কে যাতে যানজট না হয় সেজন্য নেয়া হয়েছে যথাযথ পরিকল্পনা। হাট বসানো যাবে না রেললাইনের পাশে ও সড়কে।
হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি থাকবে। এছাড়াও ইজারাদারদের নিজস্ব ভলেন্টিয়ারও থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।
এএইচ
