শপথ নিলেন এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ বুধবার সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ-সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার নবনির্বাচিত সংসদ-সদস্যকে শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পীকার, বিরোধী দলের চীফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।
আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
এএইচ
