হাম-রুবেলা ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছেছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ৬ মে ২০২৬ বুধবার | আপডেট: ০৩:২২ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছেছে। সামনের দিনগুলোতে আর কোনো ভ্যাকসিনের সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে ভ্যাকসিনের এই চালান গ্রহণ করেন।
বেলা পৌনে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ধরনের ভ্যাকসিনের এই নতুন চালান পৌঁছায়। এই ভ্যাকসিন চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে কাজ করবে।
সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। এছাড়াও নিয়মিত স্টকের টিকাগুলো জরুরি "ক্যাম্পেইনে" ব্যবহার করায় ভ্যাকসিন সংকট তৈরি হয়।
হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে।
ভ্যাকসিনের চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে; সামনের দিনে আর কোন ভ্যাকসিন সংকট তৈরি হবে না।
তিনি আরও জানান, ২৪ দিনের মধ্যে এই ভ্যাকসিন দেশে এনে ইতিহাস গড়েছে সরকার। আগামী ১০ মের মধ্যে হামসহ ১০ ধরনের আরও ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।
এএইচ
