ফতুল্লায় পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ তিন আসামি ছিনতাই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৯ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
র্যাব সদস্যদের ওপর হামলার রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় লুটপাটের অভিযোগে আটক তিনজনকে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
বুধবার (৬ মে) দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার হাশেম বাগে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়।
তবে আটকদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা হাতকড়াসহ তিন আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত না হলেও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের মধ্যে ডেভিট ও রাসেল নামে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে।
এর আগে একই এলাকায় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমআর//
