পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা এলাকার অরক্ষিত রেলগেটে এ ঘটনা ঘটে।নিহত নিলুফা বেগম উপজেলার ছোলনা গ্রামের বাসিন্দা আরব আলীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি অভিমান করে ঘর থেকে বের হয়ে রেললাইনের দিকে চলে যান। পরে কুশাডাঙ্গা রেলগেট এলাকায় পৌঁছে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে ঝাঁপ দেন।
ট্রেনের ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সিঞ্চন সাহা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই নিলুফা বেগমের মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এটি রেলসংক্রান্ত ঘটনা হওয়ায় বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর//
