সিএনএনের প্রতিষ্ঠাতা এবং কেবল নিউজের পথিকৃৎ টেড টার্নার মারা গেছেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৫ পিএম, ৬ মে ২০২৬ বুধবার | আপডেট: ১১:১৭ পিএম, ৬ মে ২০২৬ বুধবার
টেলিভিশনে ২৪ ঘণ্টার সংবাদ প্রচারের ধারা চালু করে বিশ্বজুড়ে বিপ্লব ঘটিয়েছিলেন টেড টার্নার। ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন) নামের সেই মার্কিন সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা টেড টার্নার ৮৭ বছর বয়সে মারা গেছেন। সিএনএন কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বুধবার (৬ মে) যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিজ বাসভবনে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টেলিভিশন খবরের দুনিয়ায় এক বৈপ্লবিক পরিবর্তনের কারিগর ছিলেন এই ওহাইওতে জন্ম নেওয়া মিডিয়া মোগল। ১৯৮০ সালের ১ জুন তিনি বিশ্বের প্রথম ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল হিসেবে সিএনএন বা ক্যাবল নিউজ নেটওয়ার্ক চালু করেন।
শুরুতে অনেকে তার এই পরিকল্পনাকে অসম্ভব বলে উড়িয়ে দিলেও খুব দ্রুতই সিএনএন বিশ্ববাসীর কাছে খবরের অন্যতম উৎসে পরিণত হয়। বিশেষ করে ১৯৯১ সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ সরাসরি সম্প্রচার করে তার নেটওয়ার্ক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়ায়। একই বছর তিনি টাইম ম্যাগাজিনের ‘ম্যান অফ দ্য ইয়ার’ নির্বাচিত হন।
ব্যক্তিজীবনে ‘মাউথ অফ দ্য সাউথ’ নামে পরিচিত টার্নার ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী। বাবার মৃত্যুর পর মাত্র ২৪ বছর বয়সে পারিবারিক বিলবোর্ড ব্যবসার হাল ধরে তিনি তার সাম্রাজ্য বিস্তার শুরু করেন।
২০১৮ সালে টেড টার্নার জানান যে তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামে এক জটিল মস্তিষ্কের রোগে ভুগছেন। জীবনের শেষ দিনগুলো তিনি অসুস্থতার সাথে লড়াই করেই কাটিয়েছেন।
এমআর//
