শুভেন্দুর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৫ এএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার নেতা শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল বিজয়ের তিন দিনের মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
বুধবার (৬ মে) রাতে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের দোহারিয়াতে এ ঘটনা ঘটে।
চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ছিলেন চন্দ্রনাথ। তার হয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ, সভামঞ্চের তদারকিসহ সবকিছুই সামলাতেন চন্দ্রনাথ। সদ্য সমাপ্ত নির্বাচনেও শুভেন্দুর ব্যক্তিগত বা রাজনৈতিক সব কাজই সামলাতেন তিনি।
উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এই হামলায় চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরাও আহত হন। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় পৌঁছানোর পর গাড়ি লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সেই গাড়ির ছবিও সামনে এসেছে, যার কাচে তিনটি বুলেটের চিহ্ন স্পষ্ট। বাইকের কোনো নম্বর প্লেট ছিল না। বাইকে কারা ছিলেন? দুর্বৃত্তরা আসলে কারা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। আততায়ীদের মাথায় হেলমেট ছিল।
হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপির একাধিক নেতা। সদ্য নির্বাচিত প্রার্থীরাও উপস্থিত রয়েছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে।
এএইচ
