চন্দ্রনাথকে ঠাণ্ডামাথায় খুন করা হয়েছে: শুভেন্দু অধিকারী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২৫ এএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার
একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে ঠাণ্ডামাথায় খুন করা হয়েছে বলে দাবি করেছেন পশ্চিবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হতে যাওয়া শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, দীর্ঘ কয়েক দিন ধরে ‘রেকি’ করে পরিকল্পনামাফিক ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে।
বুধবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে পাশে নিয়ে মধ্যমগ্রামের হাসপাতালে তিনি এ দাবি করেন।
শুভেন্দু অধিকারী জানান, মৃতের পরিবারের ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে দল।
তিনি আরও জানান, এই খুনের সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। তবে তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না তিনি। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে তার কথা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তথ্য পাওয়া গেছে।
শুভেন্দুর দাবি, সঠিক তদন্তের স্বার্থেই ফুটেজের বিষয়ে কোনো তথ্য চাওয়া হয়নি পুলিশের কাছ থেকে।
তিনি জানান, তদন্তের জন্য পুলিশের ওপরেই ভরসা রাখা হচ্ছে। দোষীরা দ্রুত ধরা পড়বে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আইন হাতে তুলে না নেওয়ার জন্য দলের কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন শুভেন্দু।
তিনি এলাকায় শান্তি বজায় রাখার ওপর জোর দেন।
সূত্র : আনন্দবাজার
এএইচ
