দুর্নীতির মামলায় সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের বিচার শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার
সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ-এর বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তোফায়েল আহমেদসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
মামলার অপর দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও ভোলার মোশারফ হোসেন। এর মধ্যে মোশারফ আদালতে উপস্থিত থাকলেও বাকি দুই জন পলাতক রয়েছেন।
মামলাটি ২০০২ সালে দায়ের করা হয়। তবে দীর্ঘদিন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টের পর মামলাটি আবার সচল করা হয়।
অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের সঙ্গে যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে এক কোটি ২৫ লাখ টাকা স্থানান্তর করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
এএইচ
