ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

ফরিদপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হাম (মিজেলস) রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন।

এনিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২০ জন রোগী শনাক্ত হয়েছেন সালথা উপজেলায়। এছাড়া বোয়ালমারীতে ১৪ জন এবং সদরপুরে ১২ জন নতুন রোগী পাওয়া গেছে।

বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করতে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা তদারকি বাড়ানো হয়েছে।

এমআর//