সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার: শেষ হলো সাত দিনব্যাপী প্রশিক্ষণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ৯ মে ২০২৬ শনিবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত সাত দিন ব্যাপী সাংবাদিকতায় এআই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তিন শতাধিক সদস্য হাতে কলমে এআই প্রশিক্ষণ নিয়েছেন।
শুক্রবার কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুল ইসলাম খান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
এসময় প্রধান অতথির বক্তব্যে তিনি বলেন, গুজব, অপতথ্য ও ডিপ ফেইকের সময়ে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং সম্পর্কে দক্ষ হওয়া অত্যন্ত জরুরি।
শফিকুল ইসলাম বলেন, “শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাইয়ের সক্ষমতাও এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। প্রযুক্তিনির্ভরতার এ সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। তথ্য বিকৃতি ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে, কেউ যেন প্রতারণার শিকার না হয়।”
এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই এর সহযোগিতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ কর্মশালা আয়োজন করা হয়। বিভিন্ন ব্যাচে ৬০০ ডিআরইউ সদস্য এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মিল্টন জানান, তিনি সবসময় ডিআরইউর পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সময়ে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ডিআরইউ সভাপতি আবু সালে আকন বলেন, “সাংবাদিকদের দায়িত্ব হবে এই প্রযুক্তির সঠিক ও কল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা।”
সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এআই শুধু একটি প্রযুক্তি নয়। এটি কাজের গতি, নির্ভুলতা ও বিশ্লেষণক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ হাতিয়ার।”
সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গেমপ্লিফাই এর কর্মকর্তা ইমাম হাসান সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মাসুম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এএম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, সংস্কৃতি সম্পাদক মনোয়ার হোসেন, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন, আল আমিন আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও প্রশিক্ষক ও অংশগ্রহণকারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাত দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয় চ্যাটজিপিটি, জেমিনি, গুগল এআই স্টুডিও এবং নোটবুকএলএমসহ বিভিন্ন আধুনিক এআই টুলের ব্যবহার। প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব পায় কার্যকর প্রম্পটিং, ডেটা সাংবাদিকতা, তথ্য বিশ্লেষণ, অনুসন্ধানী সাংবাদিকতায় এআই-এর ব্যবহার, ডিজিটাল স্টোরিটেলিং, ফ্যাক্ট-চেকিং এবং ডিপফেইক শনাক্তকরণ।
প্রশিক্ষকরা দেখান, কীভাবে দীর্ঘ অডিও, ভিডিও কিংবা পিডিএফ ফাইল থেকে দ্রুত তথ্য ও ইনসাইট বের করে সংবাদ প্রস্তুত করা যায়। অংশগ্রহণকারীরা গবেষণা, স্ক্রিপ্ট লেখা, অনুবাদ, শিরোনাম তৈরি ও তথ্য যাচাইয়ের মতো কাজে এআই ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
এএইচ
