চাঁদাবাজির অভিযোগে সাভারে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৬:১২ পিএম, ৯ মে ২০২৬ শনিবার
সাভারে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মানি রিসিট ছাড়া অর্থ আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা পয়েন্ট এলাকায় এ অবরোধে ঘটনা ঘটে।
এসময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত অটোরিকশা প্রতি ২ হাজার ৬শ’ টাকা করে আদায় করে আসছেন। তবে এই অর্থ আদায়ের কোনো বৈধ রসিদ বা কাগজপত্র দেওয়া হয় না। অবৈধভাবে এই অর্থ আদায়ের প্রতিবাদে আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা।
মহাসড়ক অবরোধের ফলে এসময় উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে ভোগান্তির শিকার হন পথচারীরা।
খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে চালকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাজাহান বলেন, মহাসড়কে চলাচল নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো ধরনের অবৈধ অর্থ আদায়ের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
এএইচ
