রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও প্রোটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৯ মে ২০২৬ শনিবার | আপডেট: ০৭:৪৫ পিএম, ৯ মে ২০২৬ শনিবার
রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রোটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাষ্ট্রপতির বিদেশ যাওয়া ও দেশে ফেরার সময় বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের তালিকায় কাটছাঁট করা হয়েছে।
গত ৪ মে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো মন্ত্রিপরিষদ বিভাগের একটি চিঠিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে বিমানবন্দরে সাতজন উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন। তারা হলেন মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচার নিয়ে নির্দেশনাবলি জারি করা হয়েছিল। সেই সময়কার নিয়ম অনুযায়ী, বিমানবন্দরে মোট ১৩ জন কর্মকর্তার উপস্থিত থাকার বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনায় সেই সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে সাতজনে নামিয়ে আনা হয়েছে।
এএইচ
