সাভারে র্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৮ পিএম, ১০ মে ২০২৬ রবিবার
ঢাকার সাভার পৌর এলাকার রাজাশনে চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম হোসেনের আস্তানায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাব-৪।
রোববার (১০ মে) সন্ধ্যায় রাজাশন এলাকার ওই আস্তানায় ঝটিকা অভিযান চালানো হয়। আটকরা হলেন সুমন, জাহিদ ও সবুজ। তারা শামীম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে গেলে প্রধান অভিযুক্ত শামীম পালিয়ে যান। তবে তার তিন সহযোগীকে অস্ত্রসহ আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ২১ রাউন্ড তাজা গুলি এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, আটক ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পলাতক শামীমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআর//
