ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

কর্ণফুলি নদী দিয়ে ৪ হাজার লিটার ডিজেল পাচারের চেষ্টা, আটক ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০ এএম, ১১ মে ২০২৬ সোমবার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে চোরাইভাবে পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেলসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (১০ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার ডিজেলসহ নয়জনকে আটক করা হয়।

পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআর//