ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, সবার জন্য উন্মুক্ত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:২৭ এএম, ১১ মে ২০২৬ সোমবার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।
সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১১-২১ মে পর্যন্ত দশ দিন (শুক্রবার ছাড়া) দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ট্রাক সেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর নিকট প্রায় ১৩ হাজার ৯৩৯ মে. টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম চলমান রয়েছে।
পাশাপাশি, আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
১৩০ টাকা দরে ভোক্তা প্রতি সর্বোচ্চ ভোজ্য তেল দুই লিটার, চিনি এক কেজি ৮০ টাকা, মসুর ডাল দুই কেজি প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।
উল্লেখ্য, পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে প্রায় ৭২ লাখ টিসিবির কার্ডধারী পরিবারের কাছে মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে।
এএইচ
