ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

১৭৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

মিরপুর টেস্টের চতুর্থ দিন খেলা হতে পেরেছে স্রেফ ৪৮.৪ ওভার। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসের লিড মিলিয়ে হাতে ৭ উইকেট নিয়ে বাংলাদেশ ১৭৯ রানে এগিয়ে।

এদিকে ব্যাট হাতে আবারও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন অর্ধশতক। দিন শেষে তিনি ৫৮ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যিনি অপরাজিত আছেন ১৬ রানে।

বরাবরই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুমিনুল হক। চাপের মুখে যিনি প্রতিপক্ষের বোলারদের সামাল দিয়ে ইনিংস মেরামত করেন বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের দুই ইনিংসেও এর ব্যতিক্রম হয়নি।

প্রথম ইনিংসে ৯১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন অর্ধশতকের দেখা। সবমিলিয়ে টানা ৫ ইনিংসে অর্ধশতকের দেখা পেলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। আর ফিফটি করেই তিনি স্পর্শ করেছেন টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক।

তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার নামের পাশে রয়েছে ৭০ ম্যাচে ১৩৪ ইনিংসে ৩৮ গড়ে ৫৩১৪ রান, অর্ধশতক ৩১টি ও শতক ১০টি।

সবার ওপরে অবস্থান করেছেন মুশফিকুর রহিম। ১০১ টেস্টে ১৮৫ ইনিংসে ৩৮ গড়ে ৬৫৮১ রান করেছেন তিনি। ৩০ অর্ধশতক ও ১৩টি অর্ধশতক তার নামের পাশে। ডাবল সেঞ্চুরি ৩টি। উইকেটকিপারদের মধ্যে যা কিনা সর্বোচ্চ বিশ্ব ক্রিকেটে।

মুমিনুল ফিফটি করলেও দলীয় ১২৮ রানের মাথায় আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে। ততক্ষণে তার নামের পাশে লেখা হয়েছে ৫৬ রান, ১২০ বলে। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ রানে মাহমুদুল হাসান জয় এবং ১০ রানে আউট হন সাদমান ইসলাম।

টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিল ৪১৩ রানে। জবাবে পাকিস্তান সংগ্রহ করে ৩৮৬ রান। ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬

বাংলাদেশ ২য় ইনিংস: ৫০.৩ ওভারে ১৫২/৩ (আগের দিন ৭/০) (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; আফ্রিদি ১২-২-৩৯-১, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১১.৩-২-২৩-১, সালমান ৫-০-১৮-০, হাসান ৮-০-৩২-০)।

এমআর//