ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

মেসিকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আর্জেন্টিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল ফিফার কাছে জমা দেয়ার শেষদিন আজ। আর শেষ সময়েই ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কোচ লিওনেল স্কালোনির ঘোষিত এই বহরে যেমন আছে অভিজ্ঞদের উপস্থিতি, তেমনি জায়গা পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখও। এই তালিকা থেকেই পরে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। বিশ্বকাপ শুরুর আগে কোনো ফুটবলার চোটে পড়লে কেবল এই স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্য থেকেই পরিবর্তন আনা যাবে।

স্কালোনির ঘোষিত দলে সবচেয়ে বড় চমক রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। ছয় গোলরক্ষকের তালিকায় জায়গা পেলেও মূল দলে তার সুযোগ পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। কারণ তার সামনে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসোর মতো অভিজ্ঞ নাম।

রক্ষণভাগে অবশ্য কিছুটা দুশ্চিন্তায় আছে আর্জেন্টিনা। মাংসপেশির চোটে ভুগছেন নাহুয়েল মলিনা। তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ লাগতে পারে বলে জানা গেছে। সেই কারণেই বিকল্প হিসেবে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে অগুস্তিন গিয়াওয়াই ও কেভিন ম্যাক অ্যালিস্টারকে। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো এবং গেতাফের জাইদ রোমেরোকেও দলে নিয়ে চমক দেখিয়েছেন স্কালোনি।

মাঝমাঠ ও আক্রমণভাগে নতুন মুখের ছড়াছড়ি। বোকা জুনিয়র্সের মিল্টন দেলগাদো ও তমাস আরান্দা প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। বিশেষ করে আরান্দাকে নিয়ে বেশ আশাবাদী স্কালোনি। এই তরুণকে তিনি ‘অসাধারণ এক আবিষ্কার’ বলেও উল্লেখ করেছেন।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস, সান্তিয়াগো বেলট্রান

ডিফেন্ডার: অগুস্তিন গিয়াওয়াই, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেজেয়া, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গাব্রিয়েল রোহাস

মিডফিল্ডার: মাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভারেলা, এজিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এক্সেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন বার্কো

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, তমাস আরান্দা, নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ, মাতেও পেলেগ্রিনো

এমআর//