ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৮ ১৪৩৩

পবিপ্রবি হামলার ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪ নেতা বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন— দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও সুলতান সাওকাত হোসেন এবং দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী।

সোমবার (১১ মে) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বশির উদ্দিনকে বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, হানাহানি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় কেন্দ্রীয় যুবদল পৃথক বিজ্ঞপ্তিতে আহসান হাবিব ও সুলতান সাওকাত হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে। এদিন বিকেলে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজীকেও বহিষ্কার করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে একই ঘটনায় আগে থেকেই বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সদস্যসচিব রিপন শরীফ-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।

এর আগে উপাচার্যবিরোধী অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। হামলার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এমআর//