ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬,   বৈশাখ ২৯ ১৪৩৩

ডিএনডি ক্যানেলে গোসলে নেমে নিখোঁজ ২ কিশোরের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭ এএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেলে গোসল করতে নেমে পানিতে নিখোঁজ দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) ভোর ৬টায় পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। 

নিহত মনিরুল (১৫) ও শুভ (১৫) তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। 
মনিরুলের পিতা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। 

অপরদিকে শুভ’র পিতা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্য মতে জানা যায়, সোমবার (১১ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি ক্যানেলে গোসল করতে নামে দুই কিশোর। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

পরে মঙ্গলবার সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা ক্যানেলের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের উদ্যোগ নেন। 

এসময় নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের জিম্মায় দেন।

এএইচ