ঢাকা, বুধবার   ১৩ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

রিকশাচালক রিপন হত্যা: সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার | আপডেট: ০৩:৫১ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

জুলাই আন্দোলনের সময় ঢাকার সদরঘাট এলাকায় রিকশা চালক রিপন নিহতের মামলায় সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

জাহাঙ্গীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এতথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের ইন্সপেক্টর মোহসীন উদ্দিন গত ১১ মে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন আজ বুধবার। 

এদিন শুনানিকালে জাহাঙ্গীর আলমকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। 

পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।

মামলার বিবরণে জানা যায়, জুলাই আন্দোলনের শেষ দিন ৫ অগাষ্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং এলোপাতারি গুলি ছোড়ে। এই গুলি রিকশাচালক রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ অগাস্ট মারা যান রিপন।  

এ ঘটনায় ওই বছরের ২৮ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্তি শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার। 

এএইচ