সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গোলাগুলি, ৪ জেলে উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:১১ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার
পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের সাথে বনদস্যু শরীফ বাহিনীর বন্দুক যুদ্ধ হয়েছে। যুদ্ধে পরাস্ত হয়ে দস্যুরা তাদের ট্রলার ফেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে। তবে, উদ্ধার হয়েছে কার্তুজসহ একটি বন্দুক, চারটি ওয়াকিটকি ও জিম্মি থাকা চার জেলে।
বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শেলারচর টহল ফাঁড়ির সিঙেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন-হাসান (৩০), মাসুম (২৫), ইরাক শেখ (২৮) ও নাছিম (২৫)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা ও খুলনার বটিয়াঘাটা এলাকায়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের বনরক্ষীরা যৌথ টহলে থাকাকালে নদীতে একটি সন্দেহজনক ট্রলার দেখতে পান। ট্রলারটি থামানোর সংকেত দিলে সেখানে থাকা বনদস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষার্থে বনরক্ষীরাও পাল্টা গুলিবর্ষণ করেন।
কয়েক মিনিট গোলাগুলির পর দস্যুরা ট্রলারটি তীরে ভিড়িয়ে দ্রুত বনের গভীরে পালিয়ে যায়। এ সময় ট্রলারের ভেতর শিকলবন্দি অবস্থায় থাকা চার জেলেকে উদ্ধার করা হয়। এছাড়া, ট্রলারটি তল্লাশি চালিয়ে একটি বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও চারটি ওয়াকিটকি সেট উদ্ধার করেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, অভিযানের সময় বনরক্ষীরা সাত রাউন্ড গুলি ছোড়েন। উদ্ধার হওয়া জেলে ও জব্দ করা ট্রলারটি শেলারচর টহল ফাঁড়িতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করীম চৌধুরী বলেন, বনদস্যুদের ধরতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে সক্রিয় বনদস্যু চক্র জেলে ও বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। সর্বশেষ এ ঘটনায় আবারও বনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এমআর//
