টাঙ্গাইলে এক মাসের শিশুকে নিয়মিত টিকার বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্কের ভ্যাকসিন (র্যাবিক্স) দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দেওয়ার জন্য তারা শিশু ফাতিহাকে নিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।
শিশুটির মা মৌ অভিযোগ করে বলেন, টিকা দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্যরা।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, “ভুলবশত এমনটি হয়েছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ নিজের ভুল স্বীকার করে বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আরও সতর্ক হওয়া দরকার ছিল। তবে এ ভ্যাকসিনে শিশুর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরও পরিবারকে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।”
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে ভুলবশত প্রয়োগ করা ভ্যাকসিনে শিশুর বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। তারপরও শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এমআর//
