ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

হামে আক্রান্ত যমজ শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ দুই বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসেনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে “হামের পরে নিউমোনিয়া, আইসিইউতে লড়ছে ২ যমজ শিশু” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশু দুটির চিকিৎসা ও সার্বিক সহায়তার নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারটির হাতে আর্থিক সহায়তা ও পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

হাসপাতালে প্রতিনিধি দলটি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলে। এ সময় হাসান-হোসেনসহ হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

চিকিৎসকরা জানান, যমজ শিশু দুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাদের আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তবে তারা এখনও পুষ্টিহীনতায় ভুগছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মেজবাহুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক (শিশু) ডা. শামীম ইবনে হালিম, ডা. মো. জহিরুল ইসলাম জহির, ডা. হাসিবুল হাসান ও ডা. মো. হাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, হাসান-হোসেনের বাবা একজন রাজমিস্ত্রী। তাদের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে।

এমআর//