নিখোঁজের ১১ দিন পর ফরিদপুরে মা-মেয়ের মরদেহ উদ্ধার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৬ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরের চর কর্ণসোনা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর ফরিদপুরে মা ও শিশু কন্যার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের যতীন বৈদ্যের পাড়ায় হাকিম মোল্লার পুকুরপাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুকুরপাড়ে মাটি খুঁড়ে মা ও মেয়ের মরদেহ চাপা দিয়ে তার ওপর কলাগাছ লাগানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন—রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর কর্ণসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী জাহানা আক্তার এবং তাদের তিন বছর বয়সী মেয়ে সামিয়া আক্তার। জাহানা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেঁওতা গ্রামের লালন মোল্লার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মে আত্মীয়ের চল্লিশা অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের সঙ্গে যান জাহানা। অনুষ্ঠান শেষে অন্যদের বিদায় জানিয়ে শিশু কন্যাকে নিয়ে ওষুধ কিনতে স্থানীয় হামেদ খাঁর বাজারে যান তিনি। এরপর থেকে মা-মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে গোয়ালন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জাহানার স্বামী আমজাদ শেখ।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গৃহবধূ কুলসুম বেগম পুকুরপাড়ে ছাগল চরাতে গিয়ে কয়েকটি কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। কাছে গিয়ে মাটিচাপা অবস্থায় মানুষের পা দেখতে পেয়ে তিনি চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মোল্লা জানান, আমজাদ শেখ স্থানীয় একটি ইটভাটায় কাজ করতেন। মাঝে মধ্যে জাহানাও সেখানে যেতেন। ইটভাটার এক শ্রমিকের সঙ্গে ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের ঘটনাও ঘটেছিল বলে তিনি দাবি করেন। তবে এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এমআর//
