ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে শিশুর কাদামাখা লাশ উদ্ধার, কিশোর আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে প্রতিবেশী এক কিশোরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভড়নিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের সফিফুল ইসলামের মেয়ে। আটক কিশোর একই গ্রামের বাসিন্দা ও নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় লামিয়া। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় বাসিন্দা সেন্টু নামের এক ব্যক্তি ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মহসিনা বেগম জানান, বুধবার দুপুরে তিনি ভুট্টাক্ষেতে ঘাস কাটতে গিয়ে আটক কিশোরকে শিশুটিকে কোলে নিয়ে যেতে দেখেছিলেন। পরে শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকাবাসীর সন্দেহ তার ওপর পড়ে। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত শিশুর চাচা তরিকুল ইসলাম বলেন, “গতকাল থেকেই আমরা লামিয়াকে খুঁজছিলাম। মাইকিং করেছি সব জায়গায়। সকালে ভুট্টাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, সুরতহাল প্রতিবেদনের প্রাথমিক আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আটক কিশোর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন ও সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর চালায়।

এমআর//