ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

ভারতে পালানের সময় মৌলভীবাজারে উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৫ মে ২০২৬ শুক্রবার

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ গোপন অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার রাহেদ হোসেন মাহেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকার নূর মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং অবৈধভাবে ভারত পালানোর চেষ্টা করছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছেন।

তিনি আরও জানান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই মধ্যে সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের একপর্যায়ে তাকে আটক করা সম্ভব হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জানান, আটকের পর যাচাই-বাছাই শেষে রাহেদ হোসেন মাহেদকে সিটিটিসির তদন্তাধীন ঢাকার শাহবাগ থানার একটি মামলার আসামি হিসেবে শনাক্ত করা হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৮/৯/১০/১৩ ধারায় দায়ের করা হয়েছে।

তিনি বলেন, সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

এমআর//