ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০০ পিএম, ১৫ মে ২০২৬ শুক্রবার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ মহজমপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে নলি সাধু আশ্রমসংলগ্ন এলাকায় স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই ব্যক্তি ও এক নৌকার মাঝির সহায়তায় মরদেহটি নদীর তীরে নিয়ে আসে।

এরপর কামতাল ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধারের কার্যক্রম সম্পন্ন করে। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কামতাল ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৮ থেকে ১০ দিন আগের। মরদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এমআর//