মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৫০ এএম, ১৭ মে ২০২৬ রবিবার
রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেন মারধরের শিকার ও মাজারে নিয়মিত যাতায়াতকারী রেশমি বেগম নামের একজন ভুক্তভোগী।
মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত জামায়াত ইসলামীর এক থেকে দেড়শ’ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন০ মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “মামলার পর অভিযান চালিয়ে রাসেল ও আজম নামে এজাহারভুক্ত দু’জন এবং ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি শাহ আলীর মাজারে প্রায় ১৭ বছর ধরে আসা-যাওয়া করেন। গত ১৪ মে রাতে মাজার জিয়ারতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা মাজারের ভক্তদের গুরুতর জখম করে এবং মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে ও মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।
হামলাকারীদের বাধা দিতে গেলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে আমার মাথায় গুরুতর আঘাত করে। হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরিও করেছে।
এএইচ
