ঢাকা, রবিবার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

২৩২ রানে গুটিয়ে গেল পাকিস্তান, লিড পেলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১৭ মে ২০২৬ রবিবার | আপডেট: ০৪:০৬ পিএম, ১৭ মে ২০২৬ রবিবার

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে টাইগার বোলারদের তোপে ২৩২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। এতে প্রথম ইনিংস শেষে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। 

বিনা উইকেটে ২১ রান নিয়ে রোববার (১৭ মে) দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান।

এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।

শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আঘাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৬৩ রানের জুটি গড়েন তারা। 

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন বাবর। তবে দলীয় ১৪২ রানে ৮৪ বলে ৬৮ রান করে নাহিদ রানার বলে কাটা পড়েন এই ব্যাটার। তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান সালমান। ২১ রান করে তাইজুলের বলে আউট হন তিনি। 

এরপর পাকিস্তান শিবিরে আরও জোড়া আঘাত করেন তাইজুল। মোহাম্মদ রিজওয়ান ১৩ ও হাসান আলী ৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে সাজিদ খান ২৭ বলে ৩৮ রানে ঝড়ো ইনিংস খেলে আউট হলে ৫৭ ওভার ৪ বলে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। 

বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ও তাইজুল ইসলাম নেন ৩টি করে উইকেট।

এএইচ