শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াই-ফাই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৫ পিএম, ১৭ মে ২০২৬ রবিবার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করেছে সরকার। এর ফলে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী ‘উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন’ বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
রোববার (১৭মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
এসময় ডাক টেলিযোগাযোগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী “সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট” নিশ্চিত করতে কাজ করছে। এর অংশ হিসেবেই বিমানবন্দরের যাত্রীদের জন্য আধুনিক ডিজিটাল সেবা চালু করা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তৃতীয় টার্মিনাল উদ্বোধনও সম্ভব হবে।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘নতুন এই ওয়াই-ফাই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।’ তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এ ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।
এই সেবা নিশ্চিত করতে ২৫০টি অ্যাকসেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাকসেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাকসেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। পুরো নেটওয়ার্কটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হবে।
গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে সেবা চালুর পর থেকে প্রায় ২০ হাজার যাত্রী এটি ব্যবহার করেছেন। এ সময় মোট ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এমআর//
