কুয়েট ক্যাম্পাসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৭ মে ২০২৬ রবিবার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সায়েম ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
রোববার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ এসব তথ্য নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাঁতার কাটতে গিয়ে সায়েম ফেরদৌস পানিতে ডুবে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে ২০ থেকে ৩০ মিনিট থাকার পর তাকে উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার করার পর তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সায়েম ফেরদৌসের স্টুডেন্ট আইডি ছিল ২৪২৫০৩০। তার মৃত্যুতে কুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
এমআর//
