ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৮ মে ২০২৬ সোমবার | আপডেট: ১০:৫১ এএম, ১৮ মে ২০২৬ সোমবার

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও ৬ মাসের শিশু।

শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকালে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতের আত্মীয় মিষ্টি বাড়ৈ জানান, নিহতরা তার বাড়িতে গতকাল আসেন। রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পেয়ে তাদের অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে পরবর্তীতে পুলিশকে খরব দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার করে। এসময় ফ্যানের সাথে চিন্ময় দাস ও তার সন্তান ফ্যানের সাথে এবং ইশা দাসের মরদেহ খাটের উপর পড়ে ছিল।

বাড়ির মালিক সান্তনা রাণী জানান, রাত ১২টার দিকে পুলিশ আমাকে ফোন দিলে আমি বাসার গেট খুলে দেই। পুলিশ বাসায় প্রবেশ করে রুমের দরজা ভেঙ্গে মিষ্টি বাড়ৈর ঘরের নিহতদের লাশ উদ্ধার করে। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ