ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকে সংঘর্ষ, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১০ এএম, ১৮ মে ২০২৬ সোমবার

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে গাছভর্তি ট্রাকে মাছবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মাছবাহী ট্রাকের চালক ও হেলপার বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মো. শামিম (৩০)। তিনি মাছবাহী ট্রাকটির চালক ছিলেন। অপর নিহত হেলপারের বয়স আনুমানিক ২৮ বছর হলেও তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এএইচ