খুলনায় সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনা প্রতিনিধি
প্রকাশিত : ১২:২১ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার
খুলনার কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।
রোববার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভবতোষ মৃধা স্থানীয়ভাবে সুপরিচিত একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে বলে জানা গেছে।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন। তিনি জানান, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সংঘবদ্ধ একটি চক্র ভবতোষ মৃধার মাটির ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ভবতোষ জেগে উঠে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি শঙ্কা মুক্ত।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, কয়রায় গত কয়েক মাস ধরে সিঁধ কেটে চুরির ঘটনা বেড়ে চলেছে। সংঘবদ্ধ চক্র ঘরে চেতনানাশক জাতীয় পদার্থ স্প্রে করে বাসিন্দাদের অচেতন করে এসব ঘটনা ঘটাচ্ছে। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার ও টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
এএইচ
