সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার
সুন্দরবনের কুখ্যাত বনদস্যু সুমন বাহিনীর প্রধান সুমনসহ পাঁচ সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।
রোববার (১৭ মে) দিবাগত রাত ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য আত্মসমর্পণকারী দস্যুদের দোবেকি কোস্টগার্ড স্টেশনে রাখা হয়েছে। এ সময় তারা তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্টগার্ডের কাছে জমা দেয়।
সোমবার সকাল ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে স্টাটাসের মাধ্যমে এতথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম। তিনি ফেসবুকে লেখেন, ডাকাত সুমন বাহিনীর আত্মসমর্পণ।
উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে দস্যু দমন অভিযান চলছে।
এদিকে বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানানো হয়নি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, বনদস্যুদের আত্মসমর্পণের বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এএইচ
