ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩৩

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার | আপডেট: ০৫:২২ পিএম, ১৮ মে ২০২৬ সোমবার

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) কারাগার থেকে তাকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে। গ্রেপ্তার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আবেদনে বলা হয়েছে, আসামি মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্যরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। 

এতে আরও বলা হয়, সাবেক এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বেশি অর্থ গ্রহণ করে শ্রমিক রিক্রুটিংয়ের এজেন্ট হিসেবে নিয়োগ পান। পরে মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ আদায়ের উদ্দেশ্যে তিনি সরকার দলীয় এমপি হিসেবে প্রভাব খাটিয়ে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হন। 

চুক্তিবদ্ধ পারিশ্রমিকের বাইরে গিয়ে প্রতি শ্রমিকের কাছ থেকে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এভাবে ৭ হাজার ১২৪ জন কর্মীর কাছ থেকে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনে মামলা করা হয়।

গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে পল্টন থানার একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এমআর//