হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি ৫ নির্দেশনা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২০ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার
হাম আক্রান্ত রোগী কিংবা সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনাবলি জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনায় রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণসহ পাঁচ দফা জরুরি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনাগুলো হলো-
আলাদা ওয়ার্ড ও কেবিন নির্ধারণ: সব সরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আবশ্যিক আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।
ভর্তি ও চিকিৎসা নিশ্চিতকরণ: কোনো হাসপাতাল হামের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড: হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেল—দুই বেলা বিশেষজ্ঞ চিকিৎসকদের বাধ্যতামূলকভাবে রোগীদের রাউন্ড (পরিদর্শন) দিতে হবে।
দর্শনার্থী নিয়ন্ত্রণ: আইসোলেশন ওয়ার্ডে সংক্রমণ ছড়ানো রোধে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাসপাতালে ভর্তিকৃত প্রত্যেক রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন।
তথ্য আপলোড ও হটলাইন: হাসপাতালে ভর্তিকৃত হাম রোগীদের দৈনিক তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে http://surveillance.dghs.gov.bt আপলোড করতে হবে। যেকোনো জরুরি প্রয়োজনে তথ্য বা সহায়তার জন্য একটি হটলাইন নম্বর (০১৭৫৯১১৪৪৮৮) চালু করা হয়েছে।
এএইচ
