ঢাকা, মঙ্গলবার   ১৯ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩

চেয়ার দখলকে কেন্দ্র করে খুলনা ঠিকাদার সমিতির নেতাকে গুলি

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

খুলনা খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদকে গুলি করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

হাসপাতালে গিয়ে দেখা যায়, সার্জারি ওয়ার্ডের ড্রেসিং রুমে তার চিকিৎসা চলছে। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে।

খুলনা খাদ্য পরিবহন সড়ক পথ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মো. রেজাউল আলম অভিযোগ করে বলেন, সমিতির চেয়ার দখলকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। সরকার পতনের পরও প্রতিপক্ষ নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করে দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল।

তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

এএইচ