ঢাকা, বুধবার   ২০ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩

সেনা কর্মকর্তা তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের একে একে আদালত ভবন থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয় এবং কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দণ্ডাদেশ দিয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর রাত সাড়ে ৩টার দিকে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।

অভিযান চলাকালে এক ডাকাতকে আটক করলে অন্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হলে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

লেফটেন্যান্ট তানজিমের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

এএইচ