ঢাকা, বুধবার   ২০ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয় একজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অপরজন। 

বুধবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

পুলিশ জানায়, সকালে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শহরের দিকে যাচ্ছিল। পথে মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন ঋত্বিক। গুরুতর আহত অবস্থায় আশিককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দুই বন্ধুর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এএইচ