ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২১ এএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটার দ্বন্দ্বের জেরে ওসমান গণি (৪০) নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ওসমান গণি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার নাতনির জামাতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একদল লোক ওসমান গণির ওপর হামলা চালিয়ে কুপালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের  শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিপক্ষরা ঘটিয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে।

এএইচ