ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩

আপিল বিভাগে আবুল বারকাতের জামিন বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আর কোনো মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

বৃহস্পতিবার (২১ মে) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ। 

এসময় নিম্নআদালতে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।

গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।

দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এ অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

অধস্তন আদালতে বিফলের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্টে জামিন পাওয়ার পর ঢাকা জেলা প্রশাসক এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। যেটি আজ খারিজ হয়েছে।

আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন।

এএইচ